দেশের খাদ্য ঘাটতি পূরণে রাশিয়ান ফেডারেশন থেকে জি-টু-জি (সরকার টু সরকার) পদ্ধতিতে ২ লাখ মেট্রিক টন গম আমদানি করছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ৪৩৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। এই সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিসভা পরিষদের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশ থেকে গম কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যিক দরপত্র-কোটেশনের পাশাপাশি জি-টু-জি পদ্ধতি অনুসরণ করা হবে। জি-টু-জি পদ্ধতিতে গম আমদানির লক্ষ্যে রাশিয়ার সঙ্গে চুক্তিও রয়েছে। এই চুক্তির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে দেশটির সরকারি সংস্থা ‘ফরেন ইকোনমিক কো-অপারেশন প্রদিনতোর্গ’ থেকে দুই লাখ মেট্রিক টন গম আমদানি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ মে রাশিয়ান সরকারি সংস্থা চলতি (২০২০-২০২১) অর্থবছরেও গম বিক্রির বিষয়ে আগ্রহ প্রকাশ করে সরকারকে চিঠি দেয়। ওই চিঠি পাওয়ার পর জি-টু-জি পদ্ধতিতে গম কেনার জন্য ‘ফরেন ইকোনমিক কো-অপারেশন প্রদিনতোর্গ’-এর প্রতিনিধি দলকে ভার্চুয়াল সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়।
এরপর গত ৮ জুলাই রাশিয়ান প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের জি-টু-জি পদ্ধতিতে ক্রয় বিষয়ক কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় গম আমদানির জন্য চুক্তির শর্ত ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে, আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সভা মুলতবি ঘোষণা করা হয়।