আরিফুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, হত্যা, সহিংসতা এবং নিপীড়নের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন শিশু কিশোর সংহতি।
রোববার (১ মার্চ ২০২৬) সকাল ১১টায় নগরের বায়েজিদ শেরশাহ কলোনি মোড়ে সংগঠনের সভাপতি ফযসাল উদ্দিন নয়নের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ডা. আব্দুর শুকুরের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর শাখার অর্থ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা (১,২,৩) ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী নাসিমা আলম। প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক (ইউএসএন)-এর নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ তুষার।
বক্তারা বলেন, দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের দাবি জোরালো হলেও নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বরং অস্থির সামাজিক বাস্তবতায় নারী ও শিশুদের ওপর সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
তারা আরও বলেন, প্রতিদিন সংবাদমাধ্যমে নারী ও শিশু নির্যাতনের খবর সমাজকে নাড়া দিলেও কার্যকর প্রতিরোধ এখনো গড়ে ওঠেনি। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহারের কারণে সাইবার হয়রানি, অপপ্রচার, ব্যক্তিগত তথ্য ফাঁস ও চরিত্রহননের মতো নতুন ধরনের সহিংসতাও বাড়ছে।
মানববন্ধনে বক্তারা নতুন সরকারের কাছে নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে স্থায়ী পরিবর্তন সম্ভব নয়।
বক্তারা দল-মত নির্বিশেষে নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক ইস্যু নয়—এটি মানবিক দায়িত্ব।
মানববন্ধন থেকে অবিলম্বে সকল ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রবিউল হোসেন, আশিকুর রহমান হিরণ, মোহাম্মদ ফহিম, নাজমুল, রিফাত, তানিসাহা, সামিয়া প্রমুখ।