আরিফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, তাজাখবর ডেস্ক :
শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন (বাজাফে-১৭) কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে. খোদা তোতন।
সভায় তিনি তার বক্তব্যে বলেন,
“শ্রমিকই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। কিন্তু দুঃখজনকভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপত্তা ও অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায় করতে হবে। আমরা কোনো অন্যায়, শোষণ বা বঞ্চনা মেনে নেবো না।”
তিনি আরও বলেন,
“বর্তমান সময়ে শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করার নানা চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে শ্রমিক সমাজকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। বাজাফে-১৭ সবসময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ সোহাগ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস.এম. লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, অর্থ সম্পাদক মোঃ ইউসুফ এবং দপ্তর সম্পাদক মোঃ বোরহান উল্যাহ।
এছাড়া বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ নুরুল কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, অর্থ সম্পাদক ইসমাইল এবং প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।