চট্রগ্রাম নগরের স্ট্র্যান্ড রোডে জনদুর্ভোগের জন্য ওয়াসাকে দায়ী করলেন সুজন

অর্থনীতি জাতীয় বাংলাদেশ রাজনীতি

নগরের স্ট্র্যান্ড রোডকে ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ওয়াসাকে দায়ী করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। তার দাবি, ওয়াসার সংযোগ লাইনের লিকেজের কারণে সড়কটির উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এই সড়কের বিভিন্ন অংশে জনদুর্ভোগ হচ্ছে। গতকাল সন্ধ্যায় সড়কটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। ওয়াসার সংযোগ লাইন মেরামত ও কর্পোরেশনের সড়ক উন্নয়ন কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া স্ট্রান্ড রোডের রশিদ বিল্ডিং এলাকায় ভারি যানবাহন চলাচল এড়িয়ে চলার জন্য পরিবহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানান প্রশাসক।
এসময় প্রশাসক বলেন, ‘ওয়াসার সংযোগ লাইনের লিকেজের কারণে রোডের বিভিন্নস্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তিনি এসমস্যা সমাধানে উন্নয়ন কাজের তদারকির দায়িত্বরত কর্পোরেশনের প্রকৌশলীদের ওয়াসার চলমান কাজের প্রকল্প পরিচালকের সাথে কথা বলে তাদের সংযোগ লাইন দ্রুত মেরামত করার জন্য তাগিদ দিতে বলেন।
প্রশাসক বলেন, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের উচিত কর্পোরেশনের সাথে সমন্বয় করে তাদের সংযোগ লাইনের লিকেজের কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। সমন্বয়হীনভাবে কোন কাজ করলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হবে। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে ওয়াসা, চউকসহ বিভিন্ন সেবা সংস্থাকে বরাদ্দ দিয়েছেন। কোন প্রতিষ্ঠানের অবহেলা বা গাফিলতিতে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা যাবে না। এসময় প্রশাসক ওয়াসার সংযোগ লাইনের মেরামতে দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনে তাদের ব্যবস্থাপনা পরিচালকের সাথেও কথা বলবেন বলে স্থানীয় জনগণকে আশ্বাস দেন। এসময় স্ট্র্যান্ড রোডের বেশ কিছু স্থানে সড়ক বাতি জলে না বলে স্থানীয়রা প্রশাসককে অবহিত করলে, তিনি তাৎক্ষণিক কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে বাতি লাগানোর ব্যবস্থা নিতে বলেন। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাইকার অর্থায়নে নগরীর স্ট্র্যান্ড রোডের এই উন্নয়ন কাজ করছে। এই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা। আগামী ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

তথ্যসুত্রঃ আজাদী/ইন্টারনেট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *